Recent event

পিকআপ ভ্যান–ডাম্প ট্রাকের সংঘর্ষে চালক নিহত, সহযোগী আহত

পিকআপ ভ্যান–ডাম্প ট্রাক সংঘর্ষ
পিকআপ ভ্যান–ডাম্প ট্রাক সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ–সিংগাইর–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের অরঙ্গবাদ এলাকায় পিকআপ ভ্যান ও মাটি ভর্তি ডাম্প ট্রাকের সংঘর্ষে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মাহবুব হোসেন।

আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালক গিয়াস উদ্দিন সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত সহযোগী মাহবুব হোসেন বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংগাইর থেকে মাটি ভর্তি একটি ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খালি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক গিয়াস উদ্দিন। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে নিহত চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এসএস