Recent event

আমরা চাই না এ পাহাড়ে আর নতুন করে রক্ত ঝরুক: ঊষাতন তালুকদার

ঊষাতন তালুকদার
ঊষাতন তালুকদার | ছবি: এখন টিভি
0

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার বলেছেন, উগ্র বাঙালি জাতীয়তাবাদের কারণে আমাদের জুম্ম জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। তাই আমাদের আর যেন বাধ্য করা না হয়। আমরা চাই না আর নতুন করে রক্ত ঝরুক এ পাহাড়ে।

গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি শহরের একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এজন্য নতুন সরকার ও দেশবাসীর প্রতি তিনি বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আপনার ভালো করে মনকে উদার করে নিরপেক্ষভাবে ভাববেন। সে প্রত্যাশা করি।’

পার্বত্য চট্টগ্রামে নিজস্ব ভোটব্যাংক থাকার পরও এবার নিজেদের প্রার্থী না দেয়ায় ব্যাপক আলোচনার জবাবে ঊষাতন তালুকদার বলেন, ‘ভূ-রাজনৈতিক, দেশিয় ও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখছিলাম যে, বাংলাদেশে এখন মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার চরম উত্থান হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের দুই-তিনজন এমপি সংসদে গেলে বিশেষ কিছু করা যেত না এমনও নয়।’

আরও পড়ুন:

ঊষাতন তালুকদার বলেন, ‘আমরা আমাদের দৃষ্টিভঙ্গি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চেয়েছিলাম আমাদের বিষয়ে ইনক্লুসিভভাবে ভাবার চেষ্টা করুন।’ এজন্য তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এবারের আয়োজনে ‘বিভেদপন্থী ও জুম্ম স্বার্থ পরিপন্থি সকল ষড়যন্ত্র প্রতিরোধ করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হোন’ এই প্রতিপাদ্য ধরা হয়েছে। 

আলোচনা সভায় জেএসএসের রাঙামাটি জেলা শাখার সভাপতি গঙ্গা মানিক চাকমা সভাপ্রধান ছিলেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশির চাকমা, এমএন লালমা বিজয় মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমুখ।

এএম