Recent event

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

আলমসাধু দুর্ঘটনায় সন্ধ্যা রানি
আলমসাধু দুর্ঘটনায় সন্ধ্যা রানি | ছবি: এখন টিভি
0

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম সন্ধ্যা রানি। আহতরা সবাই চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদী পাড়ার বাসিন্দা। গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানি (৬৩) দর্শনা রামনগর বাগদিপাড়ার দুলালের স্ত্রী। আহতরা হলেন—দুলালের মেয়ে বাদোলি রা‌নি (৩০), কুমার মন্ডলের ছেলে বিকা‌শ মন্ড‌ল (৪৫),‌ বিকাশ মন্ডলের স্ত্রী রিকা রা‌নি (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সু‌নিলের ছেলে অশোক (৪০), আব্দুল জ‌লিলের ছেলে আলমসাধু চালক মিলন (৩০)। আহতদের উদ্ধার করে ক্লি‌নিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

স্থানীয়রা জানায়, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনাতে ফিরছিলেন। পথিমধ্যে উথলী মালোপাড়ার নিকট পৌঁছালে দুটি শিয়াল সামনে চলে আসে।

এ সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে থাকা নারী-পুরুষরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং রানি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু জানান, উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে শুনেছি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএম