সৌদি আরবের এবারের হজে আরাফার দিন ঘটতে যাচ্ছে বিরল এক ঘটনা যা গত ৩৩ বছরে ঘটেনি। এমনটাই জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা।
গালফ নিউজে বলা হয়েছে, আরাফার দিন সূর্য মক্কার কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করবে। যা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে। এতে কাবার ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। সেসময় অন্যান্য বস্তুর ছায়াও দেখা যাবে না। এ বছর ইসলামি বর্ষপঞ্জীর অন্যতম পবিত্র একটি দিনের সঙ্গে বিরল জ্যোতির্বিদ্যার সংযোগ ঘটতে চলেছে।
আরও পড়ুন:
ভৌগলিক অবস্থানের কারণে, সাধারণত বছর দুইবার কাবার একেবারে ওপরে থাকে সূর্যের অবস্থান। তবে ১৯৯৩ সালের পর এই প্রথম আরাফার দিন সূর্যের এমন অবস্থান দেখার সৌভাগ্য মিলবে হাজিদের।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমনটা ঘটবে। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখ ফের মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়।
সৌদির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি প্রাকৃতিক ঘটনা হওয়ায় এর সঙ্গে তাপমাত্রা বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই।




