বিজিবি জানায়, গত ২৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির দিহানগর বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়পাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় একটি ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মো. সবুজকে। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়া ২৯ অক্টোবর রাতে বিরল সীমান্তের এনায়েতপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করে।
পরদিন ৩০ অক্টোবর রাতে বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপির পৃথক অভিযানে আরও ২৫ বোতল ভারতীয় মদ এবং ৯৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।’





