দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর
কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বুধবার সন্ধ্যার হামলায় নিহত দুজনের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয়। আহত বাকি ছয়জনের মধ্যে দুইজন ভারতীয়, দুইজন ইয়েমেনি, একজন নেপালি ও একজন সৌদি নাগরিক।

জিএসিএ জানায়, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করেনি সৌদি কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট মদিনা ও দেশটির পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করার কথা জানানোর পর বুধবার দেশটিতে সামরিক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন:

তবে ১৮ অক্টোবর চালু হওয়ার পরও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ রয়েছে।

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। পরদিন পৃথক হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন।

চলমান হুতি হামলার মধ্যে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে কর্মরত কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এ অঞ্চলের অন্যান্য কয়েকটি মার্কিন মিশন থেকেও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করার পরিকল্পনা চলছে বলে রয়টার্স জানিয়েছে।

রিয়াদের মার্কিন দূতাবাস বুধবার হুতি হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

এসএইচ