দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: এখন টিভি
0

দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াত ইসলামকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জামায়াতের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিশাল গাড়ি বহর নিয়ে লং মার্চ করেন, আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা প্রকৃত বিরোধী দলের কাজ করেন। কিন্তু আপনারা যে কাজটি করছেন এখন- কোনো কারণ ছাড়া সরকারের বিরুদ্ধে আজে-বাজে কথা বলছেন।

‘যে কর্মসূচি দিচ্ছেন, আমাদের কাছে খবর আছে, আপনারা যেখানে যেখানে গেছেন, সেখানেই ফ্যাসিবাদের দোসরা মাথাচাড়া দিয়ে উঠেছে, যদি আজকে বাংলাদেশের ফ্যাসিবাদ ফেরত আসে, সন্ত্রাসী দল ফেরত আসে- এটার দায়ভার সম্পন্নভাবে গুপ্ত জামায়তকে নিতে হবে।’

তিনি এসময় বিএনপির নেতাদের বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আপনাদের ঘাড়ে চেপে যেন ফ্যাসিবাদ আসতে না পারে, নিজেরা ঐক্যবদ্ধ থাকেন। মানুষের জন্য কাজ করেন, তবেই ১৮ কোটি মানুষ বুঝবে বিএনপি প্রকৃত দল, এ দেশের উন্নয়ন করে।’

আরও পড়ুন

শামা ওবায়েদ বলেন, ‘দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ইউনুস সরকারের সময়ও এ খাতে কোনো কাজ হয়নি। আর বর্তমান সরকার সুচারুভাবে এ খাতকে স্বাভাবিক করার চেষ্টা করছে। নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে সরকার।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যারা আড়াল করতে চায় এবং অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।’

বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন অ্যাকাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর