চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে বলা হয় সোনার ডিম পাড়া হাঁস। ২০০৭ সালে নির্মিত প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগের টার্মিনালটি থেকে বছরে চার হাজার কোটি টাকারও অধিক আয় করে বন্দর। লাভজনক অবস্থাতেই সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে বন্দরের এনসিটি।
পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পর দ্বিতীয় বিদেশি অপারেটর হিসেবে ১৫ বছরের জন্য বন্দরের এনসিটি পরিচালনার ভার যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের কাছে।
২০১৯ সালে আওয়ামী লীগ আমলেই প্রথম ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেয়ার প্রক্রিয়া শুরু হয়। বিদেশি অপারেটরকে দিলে রাষ্ট্র ও বন্দরের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে দাবি করে দীর্ঘ প্রায় দু’বছর ধরে আন্দোলন করে আসছে বন্দরের শ্রমিক কর্মচারীসহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও অবশেষে বিএনপি সরকারের আমলে হলো চুক্তি।
যদিও বন্দরের সাবেক এক কর্মকর্তার মতে, ডিপি ওয়ার্ল্ডের পরিচালনায় এনসিটির কার্যক্রম আরও গতিশীল হবে। ব্যবসায়ীরা এর সুফল পাবেন। বিভিন্ন খরচ ও ক্রয় সংক্রান্ত দুর্নীতির ঝুঁকি থেকেও বন্দর হবে মুক্ত।
আরও পড়ুন:
বন্দরের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, ‘আপনি অনেকগুলো ঝুঁকি সরকার তার ঘাড় থেকে এনসিটি এই ডিপি ওয়ার্ল্ডের ঘাড়ে দিয়ে দিচ্ছে। এক হলো ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, ক্রয় প্রক্রিয়ার দুর্নীতি। এগুলো সবই কিন্তু তার ঘাড়ে চলে যাচ্ছে। সে নিজের ক্রয় নিজে করবে, নিজে চলবে এবং খুব স্বল্প সময়ে বন্দরকে আধুনিক বন্দরে পরিণত করার একটি সুযোগ তৈরি হয়েছে।’
যদিও দীর্ঘমেয়াদে কনসেশন চুক্তির বিপক্ষে অধিকাংশ বন্দর ব্যবহারকারী। দীর্ঘমেয়াদে চুক্তি হলে বিদেশি অপারেটরের পরিচালনায় খরচ বেশি হলেও করার কিছু থাকবে না বলে মত তাদের।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ওয়াসিউর রহমান চৌধুরী বলেন, ‘১৫ বছর উইল বি টু লং টাইম। আর এটাকে ৫ ইয়ার্স-৫ ইয়ার্স ভাবে যদি এটাকে করা হয়, তাইলে আমার মনে হয় এটা ভালো হবে।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সরোয়ার আলম খান বলেন, ‘ভালো সার্ভিস দিতে পারলে আমরা বলবো যে ভালো হবে। আর যদি সার্ভিস দিতে না পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে খারাপ হবে। এটাই তো আমরা ব্যবসায়ীরা সবসময় ভালো সার্ভিসটা চাই, সে যে-ই আসুক।’
ডিপি ওয়ার্ল্ড দুবাইভিত্তিক শীর্ষ বন্দর অপারেটর ও লজিস্টিক প্রতিষ্ঠান। বিশ্বের ৬০টিরও বেশি দেশে বন্দর পরিচালনার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির।





