ব্যালন ডি’অর ঘিরে উত্তাপ: এমবাপ্পে নাকি মেসি—কার হাতে উঠবে পুরস্কার?

ব্যালন ডি’অর ২০২৬ বিজয়ী কে
ব্যালন ডি’অর ২০২৬ বিজয়ী কে | ছবি: এখন টিভি
0

ঘনিয়ে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর প্রদানের মাহেন্দ্রক্ষণ। আগামী ২৬শে অক্টোবর লন্ডনে বসছে এই ঝলমলে আসর। যদিও ভোটারদের রায় দেওয়ার সময় এরই মধ্যে শেষ হয়েছে, তবে সাবেক তারকাদের বিশ্লেষণ ও সমীকরণ যেন এই পুরস্কার পাওয়ার লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রবার্তো কার্লোসের মতে যোগ্য দাবিদার এমবাপ্পে, ডেভিড বেকহাম মত দিয়েছেন মেসির পক্ষে।

পরিসংখ্যানের রোমাঞ্চ আর পারফরম্যান্সের ঝলক-এবারের ব্যালন ডি’অরের রেসকে তুলে এনেছে অনন্য এক উচ্চতায়। এই পুরস্কারের দাবিদারদের তালিকায় বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কিংবা বিশ্বকাপ, সব যায়গাতেই শীর্ষ গোলদাতা হওয়ায় এমবাপ্পেকেই প্রথম পছন্দ, সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি, ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস এবং স্যামুয়েল উমতিতির মতো তারকাদের

তবে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলো ছড়াচ্ছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। মৌসুমে ২৫ গোল ও ২০ অ্যাসিস্টের পাশাপাশি স্পেনের হয়ে বিশ্বকাপ আর বার্সার হয়ে লিগ জেতা ইয়ামালকে ‘হৃদয়ের ব্যালন ডি’অর’ হিসেবে আখ্যা দিয়েছেন স্যামুয়েল ইতো। সমর্থন জোগাচ্ছেন জলাতান ইব্রাহিমোভিচও।

অনবদ্য এক মৌসুমে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হ্যারি কেইনও পিছিয়ে নেই। এক মৌসুমে ক্লাব ও দেশের হয়ে অবিশ্বাস্য ৭৩ গোল করে সাবেকদের মন জয় করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। রিও ফার্ডিন্যান্ড থেকে শুরু করে জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান কিংবা লোথার ম্যাথাউস-সবার মতে, ট্রফিটা কেইনের হাতে ওঠাই সবচেয়ে যুক্তিযুক্ত।

অন্যদিকে বয়স ৩৯ হলেও আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়ে ৮ গোল ও ৪ অ্যাসিস্টের কারিশমা দেখিয়েছেন মেসি। ইন্টার মায়ামি সহ-মালিক ডেভিড বেকহাম থেকে শুরু করে চেক প্রজাতন্ত্রের গোলকিপার পিটার চেক স্পষ্ট করেই বলছেন, মেসির ঝুলিতেই ওঠা উচিত তার নবম ব্যালন ডি’অর।

সাবেক তারকাদের মতপার্থক্য আর নিজস্ব পছন্দের সমীকরণ প্রমাণ করে, এবারের প্রতিদ্বন্দ্বিতা কতটা শ্বাসরুদ্ধকর। তবে শেষ পর্যন্ত ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের ভোটেই নির্ধারিত হবে কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর। আগামী ২৬শে অক্টোবর লন্ডনের রাজকীয় মঞ্চেই মিলবে সেই প্রতীক্ষিত উত্তর।

এফএস