নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

থানায় অবরুদ্ধ এনসিপির নেতাকর্মীরা
থানায় অবরুদ্ধ এনসিপির নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী।

গতকাল (রোববার, ৪ অক্টোবর) রাতে কুমারখালী থানায় যান এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ ১৭ নেতাকর্মী।

এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘থানার ভেতরে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এসময় থানা চত্বরে ঢুকে দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন।’ প্রতিবাদ করলে থানার ভেতরে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি।

এরআগে রোববার সন্ধ্যায় গান শুনে লালন আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ২০ থেকে ২৫ জন যুবক তাকে গালাগালি ও হামলার চেষ্টা করেন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা নাসীরুদ্দীনের গাড়িতে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করা হয়। এদিকে রাতে মামলা না নিয়ে থানায় অবরুদ্ধ এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘এনসিপির নেতারা থানায় এজাহার দিতে গিয়েছিল এটা জানি। তবে তাদের অবরুদ্ধ থাকার বিষয়টি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এএইচ