রূপপুরে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র | ছবি: এখন টিভি
0

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার বিশেষ কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ (শুক্রবার, ২ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ব হাসি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণের কথা রয়েছে বলেও জানান তিনি। যদিও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বহস্পতিবারই রাশিয়া থেকে ইউরেনিয়াম পৌঁছানোর কথা থাকলেও পরিবহন সংক্রান্ত জটিলতা আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় পিছিয়ে যায় জ্বালানি পৌঁছানোর সূচি।

মন্ত্রী বলেন, ‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি এরই মধ্যে রাশিয়া ছেড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী চালানটি আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’

আরও পড়ুন:

জানা যায়, দ্বিতীয় ইউনিটের জন্য ৭টিসহ মোট ৯টি কার্গো উড়োজাহাজে এ পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে। বিমানবন্দরের আসার পর সেখানকার কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি নিয়ে যাওয়া হবে ঈশ্বরদীর রূপপুরে।

এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুরের পুরো জ্বালানি সরবরাহ করা হবে জানিয়েছে রাশিযার পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটম। তারই ধারাবাহিকতায় নভেম্বর ও ডিসেম্বরে বেশ কয়েকটি ফ্লাইটে আসার কথা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল।

এর আগে, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। আর চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়। এর আগে ২৮ এপ্রিল জ্বালানি লোডের মাধ্যমে ইউনিট ১ এর কমিশনিং ধাপ শুরু হয় রূপপুরে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। সবকিছু ঠিক থাকলে বছর শেষে রূপপুর থেকে জাতয়ি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এসএইচ