ইরানে রেভল্যুশনারি গার্ডসের অভিযান, নিহত ৬ ‘সন্ত্রাসী’

অস্ত্র হাতে প্রহরায় দাঁড়ানো আইআরজিসির এক সদস্য
অস্ত্র হাতে প্রহরায় দাঁড়ানো আইআরজিসির এক সদস্য | ছবি: রয়টার্স
0

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) অভিযানে একটি ‘সন্ত্রাসী’ দলের ছয় সদস্য নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তসংলগ্ন সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এ ঘটনা ঘটে। এলাকাটিতে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এ ছাড়া অঞ্চলটি মাদক চোরাচালানের অন্যতম প্রধান একটি পথ হিসেবেও পরিচিত।

ইরনার প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিস্ফোরক ভর্তি প্যাকেট উদ্ধার ও জব্দ করেছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তেহরানের অভিযোগ, সশস্ত্র এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তির যোগসূত্র রয়েছে এবং তারা সীমান্ত পেরিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত।

সিস্তান ও বেলুচিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণকারী মানবাধিকার সংগঠন হালভশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের তুমুল লড়াই শুরু হয়। এর আগে গত বুধবার জাহেদানে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ফার্স বার্তা সংস্থাকে জানিয়েছে শহরের প্রশাসনিক দপ্তর।

উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের মূল্যায়ন করছে তেহরান। এর মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সাত মাসের সংঘাতের পর নতুন করে বড় ধরনের মার্কিন সামরিক হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে দেশটি।

এএম