আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে প্রথম বহরে দেশ ছেড়েছেন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের একাংশ। আরব আমিরাতে দুই দিন অনুশীলনের পর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা।

আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে আজ আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে কোচ-ক্রিকেটারদের প্রথম বহর।

এদিন বেশ আগেভাগেই বিমানবন্দরে হাজির হন হেড কোচ ফিল সিমন্স ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম বহরের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। কোচিং প্যানেলের আরও কয়েকজন সদস্যও একই ফ্লাইটে রওনা দেন।

কোচদের সঙ্গে প্রথম বহরে ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার সাদমান-মুশফিক-মুমিনুল। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার ও জাকের আলীও গেছেন তাদের সঙ্গে। মূল স্কোয়াডের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও এবাদত হোসেনও ছিলেন এ বহরে।

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনও দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম বহরের সঙ্গে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

আমিরাতে পৌঁছেই অবশ্য বিশ্রামের সুযোগ খুব বেশি নেই ক্রিকেটারদের। সেখানে দুই দিন অনুশীলনের পর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে এশিয়ান গেমসে অংশ নিতে দলের কয়েকজন ক্রিকেটার বর্তমানে জাপানে রয়েছেন। খেলা শেষে দেশে ফিরে আগামী ৬ অক্টোবর আমিরাতে যাবেন তারা।

জেআর