বাংলাদেশের স্বর্ণস্বপ্ন ভেঙে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

ম্যাচ শেষে ক্রিকেটাররা
ম্যাচ শেষে ক্রিকেটাররা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের স্বর্ন জয়ের স্বপ্ন ভেঙ্গে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান। মোস্তাফিজের ১ ওভারে ২৩ রানের ব্যাটিং ঝড়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন আবদুল সামাদ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো লিটন দাসের দলকে।

প্রতিকূল আবহাওয়ার শঙ্কা পেরিয়ে মাঠে গড়ায় এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনাল। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৩ রান। অধিনায়ক লিটন দাসও ফেরেন ২ রানে। এরপর তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক সৈকতের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।

তাওহীদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা। ২৫ বলে ৪২ রান করেন এই ব্যাটার। মোসাদ্দেকের সঙ্গে গড়েন ৪৩ রানের জুটি। তবে দুজনের বিদায়ে বড় সংগ্রহের সম্ভাবনা কমে যায়। শেষ পর্যন্ত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সুফিয়ান মুকিম।

আরও পড়ুন

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। দুই ওভার শেষে ১৭ রানেই দুই উইকেট হারায় তারা। সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে ফিরলে জয়ের আশা আরও জোরালো হয় বাংলাদেশের। কিন্তু শেষ দিকে পাল্টে যায় ম্যাচের চিত্র।

দশম ওভারে মোস্তাফিজুর রহমানের ওপর চড়াও হন আব্দুল সামাদ। এক ওভারেই তুলে নেন ২৩ রান। পাঁচ বাউন্ডারিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এ ব্যাটার। শেষ পর্যন্ত ১৫ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানকে জেতান ৯ বল হাতে রেখেই। ৬ উইকেটের হারে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে বিদায় বাংলাদেশের। ভেঙে যায় স্বর্ণ জয়ের স্বপ্ন।

জেআর