ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: শর্ত মানতে ওয়াশিংটনকে ৫ দিনের সময়সীমা দিলেন মোহসেন রেজায়ি

মোহসেন রেজায়ি
মোহসেন রেজায়ি | ছবি: সংগৃহীত
0

কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে নিজেদের দেয়া শর্তগুলো মানতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব ও নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, ‘নিজের অধিকার নিশ্চিত করার জন্য ইরানি জাতির কাছে একটি হাতিয়ার হলো হরমুজ প্রণালি।’

ইরানি বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে যেসব প্রতিবেশী দেশ ওয়াশিংটনকে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রেজায়ি। তিনি জানান, আমেরিকার সঙ্গে সহযোগিতা করা দেশগুলোর বিমানের ফ্লাইটও আটকে দেবে ইরান। সতর্ক করে তিনি বলেন, ‘ইরানি ফ্লাইটের ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর মার্কিন খেলা ও দুঃসাহসিকতায় জড়ানো উচিত নয়।’

এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের বা গৌণ নিষেধাজ্ঞার মাধ্যমে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট কার্যকরভাবে বন্ধ করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পরপরই ওয়াশিংটনকে নির্দিষ্ট সময়সীমা ও প্রতিবেশীদের সতর্কবার্তা দিলো তেহরান।

এএম