বরগুনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২

বরগুনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি
বরগুনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি | ছবি: এখন টিভি
0

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

নিখোঁজ জেলেরা হলেন— বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন (৪৫)।

উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলীর বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ট্রলারটি গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১৩ জন জেলে নিয়ে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে যায়। সোমবার থেকে সাগরের আবহাওয়া খারাপ ও উত্তাল হয়ে উঠলে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন।

আজ সকালে কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা অবস্থায় পার্শ্ববর্তী একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে ১১ জেলেকে জীবিত উদ্ধার করে নিরাপদে উপকূলে নিয়ে আসে।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের সহ-মালিক মো. আল-আমিন বলেন, ‘প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও কেবিনের ভেতরে দুইজন আটকে পড়েন। সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার আমাদের উদ্ধার করলেও সাগর প্রচণ্ড উত্তাল থাকায় আটকে পড়া দুই জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, সাগর উত্তাল দেখে তারা উপকূলে ফিরছিলেন। তীর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য একটি ট্রলার ভাসমান অবস্থায় ১১ জেলেকে উদ্ধার করে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় অভিযান চলছে।’

এসএস