আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাট জেলার ওল্ড পুলিশ লাইন্স সংলগ্ন মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন। জেলা সদর হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক তাহির আলী শাহের বরাতে জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পর হাসপাতালটিতে ১৫টি মরদেহ ও ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের বেশির ভাগই সাধারণ মুসল্লি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মসজিদের বাইরে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।
খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়েজি জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী দল পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।





