আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফাহমিদা আক্তার। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ছানোয়ার হোসেন।
কোর্ট ও আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসের ৪ তারিখে রাজনগর উপজেলার মুনয়ার পাড় গ্রামে আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ আছে, এসময় আজিজের বাড়িতে চুরি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা দায়ের করেন বলেও জানা যায়। পরে ২০১৪ সালে কোর্টে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর পর মামলায় রায় দেন আদালত।
দীর্ঘদিন পর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রুবেল মিয়া ও রুমান মিয়া নামের দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় স্বপন মিয়া, জাহির মিয়া, কমরু মিয়া ও ফয়সল মিয়া নামের আরও চারজন আসামিকে খালাস দেয়া হয়।
এদিকে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত দুই জন আসামি উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেকজন আসামি পলাতক রয়েছে বলে জানান সরকারপক্ষের আইনজীবী আব্দুল ওয়াহিদ।





