বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে: রিজভী

কথা বলেছেন রুহুল কবির রিজভী
কথা বলেছেন রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে গনতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।’

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ফরহাদ নগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহারের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান ও স্মরণসভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশে আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, দেশবাসীকে সেদিকে সজাগ থাকতে হবে। একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মতের লোকজন নিয়ে রক্তের হলি খেলেছে।’

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম খুনের শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারে এখনও অপেক্ষার শেষ নেই।’

রিজভী বলেন, ‘দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছিলো মানুষ। পুলিশের গুলিতে নিহত হারুনরা মেট্রোরেল, পদ্মাসেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেনি। তাদের স্বপ্ন ছিলো সুন্দর ভবিষ্যত প্রতিষ্ঠা।’

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান ও স্মরণ সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের এমপি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্যসচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

অনুষ্ঠান শেষে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর হারুনের পরিবারকে দেয়া নতুন ঘর উদ্বোধন করে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। তখন থেকে হারুনের পরিবারের পাশে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ এপ্রিল আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সংগঠনের আয়োজনে বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিলো। মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিহত হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর তত্বাবধানে তার পরিবারে দুঃখ ঘুচেছে।

হারুনের দুই মেয়ে এক ছেলে। ২০১৭ সালে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ খরচে হারুনের বড় মেয়েকে বিয়ে দেন। আরেক মেয়েও বিয়ের উপযুক্ত। তাকেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে বিয়ে দেয়া হবে বলে জানান বিএনপি নেতারা। হারুনের নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলের সব খরচও বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

এদিকে বিকেলে পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো এক অসহায় পরিবারকেও নতুন বাড়ির ছাবি তুলে দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে অসহায় ওই পরিবারটিকে এ ঘর উপহার দেয়া হচ্ছে।

এসএইচ