আ.লীগ নেতাদের মিটমাটের পরিবেশ নেই: ডা. জাহেদ

ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান | ছবি: এখন টিভি
0

আওয়ামী লীগ নেতাদের রিকনসিলিয়েশনের (মিটমাট) পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন ভালো, কিন্তু এর আদি প্রক্রিয়া হচ্ছে অপরাধ স্বীকার ও লিগ্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া।’

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘৫ আগস্টের ঘটনায় আওয়ামী লীগ নেতারা অপরাধ স্বীকার করেননি। শেখ হাসিনা এখনো হুমকি দিচ্ছেন, এমন প্রক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের দিক থেকেই উদ্যোগটা আসতে হবে।’

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেবে সরকার।’

এসময় বিভিন্ন অংশীজনদের সঙ্গে বসে সরকার অটোরিকশার জন্য একটা নীতিমালা করছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার কিছু পজিটিভ দিক থাকলেও লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা রাস্তায় চলতে পারে না।’

আরও পড়ুন:

জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি বাড়তি থাকার পর জ্বালানির দাম বাড়ায় জনগণের কষ্ট বেড়েছে, সরকারকে এর মাশুল দিতে হবে।’ তবে জ্বালানি সংকট কমে আসলে এ পরিস্থিতি কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

ডা. জাহেদ জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কিংবা অন্য কোনো দেশ, যার কাছে ফান্ড নিলে সুবিধা হবে তার কাছ থেকে ফান্ড নেয়া হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনায় নদী ভাঙ্গনের পাশাপাশি এবার পানি জমিয়ে রাখার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।

বিদেশিদের কাছে বন্দর পরিচালনাভার তুলে দেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ব্যাপারেও কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্ত নিলে কোনো না কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র ও জনগণের বৃহত্তর কথা ভেবেই সরকার বিদেশিদের কাছে বন্দর পরিচালনাভার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই সরকার এগোবে।’

এসএইচ