প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে সমাজকল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী | ছবি: এখন টিভি
0

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরকালে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা এবং ২৪৯ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মুহুরী প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ফেনীর মানুষ বিএনপিকে ভালোবাসে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণের মধ্য দিয়ে তার প্রমাণ মিলবে।’

আরও পড়ুন:

ফুলগাজী পৌরসভা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজেই কথা বলবেন।’

প্রধানমন্ত্রীর সফরকালে সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তার বিভিন্ন কর্মসূচি নেয়ার কথাও জানান তিনি।

এসময় স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগমের ব্যবস্থা করা হবে।’

পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ