আট কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, দুর্ভোগে ৪০ হাজার মানুষ

সেতু
সেতু | ছবি: সংগৃহীত
0

পাবনার ঈশ্বরদীতে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সংযোগ সেতু। ছয় বছর ধরে নির্মাণ শেষে উদ্বোধনের কথা থাকলেও এখনই সেতুর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। এছাড়া সেতুর এক পাশে কোনো সংযোগ সড়কও নেই। এতে দুপাশের ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষে দুর্ভোগ পোহাচ্ছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুরুলিয়া গনির ঘাটে নির্মিত এ সেতুতে ভাঙন দেখা গেছে। এলাকার দুই পাশের ১০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ কমাতে ২০২১ সালের ১১ এপ্রিল ৭ কোটি ৪ লাখ ১৩ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে শুরু হয় সেতুটির নির্মাণকাজ। কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড।

তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় তিন দফা কাজের সময় বাড়ানো হয়। সেই সঙ্গে বাড়ানো হয় প্রকল্প ব্যয়ও। প্রায় ৪৫ লাখ টাকা বাড়িয়ে শেষ পর্যন্ত সেতুটির নির্মাণ ব্যয় দাঁড়ায় ৭ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৮৩৩ টাকা।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রিতার পাশাপাশি সেতু নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছে। উদ্বোধনের আগেই সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও এখনো তৈরি হয়নি এক পাশের সংযোগ সড়ক। ফলে সেতুটি ব্যবহার করতে পারছে না স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দশ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। কাজ করার পর কয়েকদিনের মাথায় আবার ভেঙে যাচ্ছে। ফলে ভোগান্তিতে আছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বর্ষা মৌসুম হওয়ায় সংযোগ সড়কের কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘কান্ট্রি সাইডে আরেকপাশে কাজ চলছে। এটি একটি আলাদা কনট্রাক্ট। প্রায় ৬৩ লাখ টাকার একটি কাজ আছে। এটির এখনো সময় আছে। আশা করছি বৃষ্টি কমে গেলে ব্রিজের অন্য পাশের কাজ শেষ করতে পারবো।’

এফএস