আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশনটি খালি করার উদ্যোগ নেয়া হলে সেখানে আড়ালে থাকা পোড়া পুলিশ ভ্যানটি বেরিয়ে আসে।
ভ্যানটির সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ‘জুলাই যোদ্ধারা’ সেখানে জড়ো হন। তারা ভ্যানটি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান।
আরও পড়ুন:
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল বলেন, ‘ভ্যানটি মামলার গুরুত্বপূর্ণ আলামত। আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এটি অন্য কোথাও নেয়া বা সংরক্ষণ করা যাবে না। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহত ব্যক্তিদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দেয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় ব্যবহৃত পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়ার পর ঘটনাটি নিয়ে আবারও আলোচনায় এসেছে।





