ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত: খার্গ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে পাল্টা হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে প্রকাশিত ছবি
মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে প্রকাশিত ছবি | ছবি: সেন্ট্রাল কমান্ড
0

ইরানের আশপাশের জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনী একে অপরের জাহাজে গোলাবর্ষণ করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, খার্গ দ্বীপ উপকূলে একটিসহ তিনটি ইরানি তেলবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘আইআরজিসিকে স্পষ্ট বার্তা: তোমরা আমাদের দুটি জাহাজে গুলি করলে আমরা তোমাদের তিনটি জাহাজ ধ্বংস করব—আরও বেশি অর্থনৈতিক ক্ষতি করব।’

আইআরজিসি জবাবে অঞ্চলে মার্কিন সামরিক জাহাজের বিরুদ্ধে তীব্রতর হামলার হুমকি দিয়েছে। পরে তারা জানায়, তিনটি ট্যাংকারসহ অন্য এলাকায় তিনটি মার্কিন-সংযুক্ত জাহাজেও আঘাত হানা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলে, ‘সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর প্রতারণায় পড়ো না এবং অনুমোদনহীন নৌপথে সন্দেহজনক চলাচল থেকে বিরত থাকো। নইলে তোমরা লক্ষ্যবস্তু হবে।’

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, খার্গের অ্যাঙ্করেজ এলাকায় একটি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের বরাতে তারা বলে, কোনো হতাহত হয়নি এবং ক্রুদের সরিয়ে নেয়া হচ্ছে। সেন্টকম জানিয়েছে, কোনো মার্কিন সেনা আহত হননি।

গত এক সপ্তাহে উত্তেজনা বাড়ার পর এই পাল্টাপাল্টি হামলা হয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার পর থেকে সংঘাত চলছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে বারবার হুমকি দিয়েছেন। ৩১ আগস্ট তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খার্গ দ্বীপ ‘টুকরো টুকরো’ হয়ে যাওয়ার এআই নির্মিত ভিডিও পোস্ট করেন। ইরানি কর্তৃপক্ষ বলেছে, খার্গে হামলা হলে কড়া জবাব দেয়া হবে।

যুদ্ধের আগে ইরানের অপরিশোধিত তেলের ৯০ শতাংশ খার্গ দ্বীপ দিয়ে রপ্তানি হতো। এপ্রিলের মাঝামাঝি থেকে মার্কিন নৌ অবরোধের কারণে প্রবাহ ব্যাহত। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২৮ ডলারে ওঠে, যা ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ।

এএম