মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কা, নিহত ১

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি যাত্রীবাহী লেগুনা সজোরে ধাক্কা দিলে মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ (শুক্রবার, ২৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা (নারায়ণগঞ্জ চ-১১-০২৪০) একটি যাত্রীবাহী লেগুনা কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের বাম পাশে বসা যাত্রী মো. শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। নিহতের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর লেগুনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আলামিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত লেগুনা ও কাভার্ড ভ্যান দুটি গাড়িই উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত লেগুনার চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফএস