নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে।
তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত হারাদন সিদ্ধিরগঞ্জ পুল এলাকার প্রাণভল্লব মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে হারাধন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লরিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন:
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী লরিটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।’




