এটি কাজাখস্তানের নতুন এককক্ষবিশিষ্ট সংসদ কুরুলতাইয়ের প্রথম নির্বাচন। এর আগে দেশটিতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ছিল।সাবেক সোভিয়েত কর্মকর্তা ও কূটনীতিক তোকায়েভ ২০১৯ সাল থেকে ক্ষমতায় আছেন। জাতিসংঘেও কাজ করেছেন তিনি। তার বয়স ৭৩ বছর।
গত মার্চে তোকায়েভের শুরু করা সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে গণভোট হয়। এতে ৮৭ শতাংশ ভোটার সংসদের দুই কক্ষ একীভূত করার পক্ষে মত দেন। ওই সংস্কারের মাধ্যমে সংসদের অনুমোদন সাপেক্ষে গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিয়োগের ক্ষমতা প্রেসিডেন্টকে দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট পদও পুনর্বহাল করা হয়।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তোকায়েভ মস্কো ও পশ্চিমাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনের কথা বলে তিনি এসব সাংবিধানিক পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরেছেন।
গত মাসে কাজাখস্তানের সাংবিধানিক আদালত রায় দেন, সংশোধনীগুলোর ফলে তোকায়েভের আগের মেয়াদগুলোর হিসাব নতুন করে শুরু হবে। এতে তিনি আরও এক দফা সাত বছরের মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন।
তবে অর্থনৈতিক চাপের মধ্যেই দেশটিতে নির্বাচন হচ্ছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। কর বাড়ানোয় জনঅসন্তোষও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২২ সালের জানুয়ারির সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সে সময় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বিক্ষোভকারী ও পুলিশ সদস্যসহ কয়েক ডজন মানুষ নিহত হন।
তোকায়েভ শুক্রবার বলেন, এই ভোট ‘সত্যিকার অর্থেই ঐতিহাসিক ঘটনা’ হতে যাচ্ছে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ নির্বাচন দেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নজিরবিহীন ভূরাজনৈতিক উত্তেজনা ও বাড়তে থাকা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে কাজাখস্তানকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরের কৌশল আমাদের দৃঢ় ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে।’
সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ বাড়ার মধ্যেই নির্বাচন হচ্ছে। কয়েকটি গণমাধ্যম সংস্থা গৃহবন্দী সাংবাদিকদের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন সংশোধনের আহ্বান জানিয়েছে।
কর্তৃপক্ষ স্বাধীন সাংবাদিক ও জনপ্রিয় ব্লগারদের বিরুদ্ধে প্রায় ১০টি ফৌজদারি মামলা করেছে।সাম্প্রতিক একটি মামলায় স্বাধীন সাংবাদিক লুকপান আখমেদইয়ারভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি ইউটিউব প্রকল্প ‘প্রস্তো ঝুর্নালিস্তিকা’ পরিচালনা করেন। এর অর্থ ‘সিম্পলি জার্নালিজম’ বা সহজ সাংবাদিকতা।
আখমেদইয়ারভ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ইউক্রেনে যুদ্ধরত কাজাখস্তানি নাগরিকদের একটি তালিকা প্রকাশের পর গত আগস্টে তার বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ অভিযোগে ফৌজদারি মামলা করা হয়। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে।
আলমাটি থেকে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের আগে দমন-পীড়ন ব্যাপকভাবে বেড়েছে। স্বাধীন সংবাদমাধ্যমে হামলা, সাইবার হামলা এবং স্বাধীন সাংবাদিক ও জনপ্রিয় ব্লগারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে।’
আখমেদইয়ারভের ভাষ্য, কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সব সংবাদমাধ্যমকে নীরব করতে চায়। তার দাবি, কাজাখস্তানের বড় শহরগুলোর সড়ক প্রেসিডেন্টপন্থী আদিলেত পার্টির বিজ্ঞাপন ও পোস্টারে ভরে গেছে। তিনি বলেন, ‘এই নির্বাচনের ফল কী হবে, তা অনুমান করা খুব কঠিন নয়।’





