ফিফার নিষেধাজ্ঞায় অস্বস্তিতে বসুন্ধরা কিংস; দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

বসুন্ধরা কিংসের অনশীলনের ছবি
বসুন্ধরা কিংসের অনশীলনের ছবি | ছবি: এখন টিভি
0

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘরে অস্বস্তি। নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সের জন্য তাদের হাতে আছে একদিন। তবে এখনো ফিফা নিষেধাজ্ঞা থেকে মেলেনি মুক্তি। এরইমাঝে চার মূল খেলোয়াড়ের সঙ্গে দল ছেড়ে গিয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। যদিও দলের হেডকোচ মাহবুব রক্সি বলছেন, দ্রুতই আলোর মুখ দেখবে কিংস।

নামের পাশে চ্যাম্পিয়ন তকমা, নিজেদের পরিচয়টা বসুন্ধরা কিংস দিয়েছে দেশের সবচেয়ে পেশাদার ক্লাব হিসেবে। কিন্তু কার্যক্রমে তার নমুনা আদৌ আছে কি?

৭ খেলোয়াড় আর ১ কোচের নালিশে কিংসদের নামে ফিফার দপ্তর থেকে এসেছে ১২ নিষেধাজ্ঞা। মাসের পর মাস খেলোয়াড়দের বেতন আটকে রেখে চ্যাম্পিয়ন শিরোপা পেলেও আদতে কিংসদের অবস্থাটা বেশ নাজুক।

আশ্বাসের বাণীতে নিঃশ্বাস বাজি না রেখে দলের অনেক খেলোয়াড়ই ছুটছেন নতুন ঠিকানায়। সম্প্রতি মোহামেডানে নাম লিখিয়েছেন চার ফুটবলার সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র এবং শাহরিয়ার ইমন। কফিনে শেষ পেরেক ঠুকতেই কি না সোমবার সকালে ৭ বছরের সম্পর্কের ইতি টেনেছেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। দেশসেরা এই গোলরক্ষক কোচের নতুন গন্তব্য নবাগত সিটি ক্লাবে।

ফোনে যোগাযোগ করা হলে নুরুজ্জামান নয়ন বলেন, ‘মনে হয় আমার জন্য এখন এটা সঠিক সময় অন্য কোথাও নতুনভাবে চ্যালেঞ্জ নেয়ার এবং সেটাকে জয় করার। সবকিছু বিচার-বিশ্লেষণ করে এখনই বোধহয় আমার নতুন জায়গায় মুভ করা উচিত। এই সময়ে দুই-তিনটি ক্লাব আমার সঙ্গে সম্পৃক্ত ছিলো।’

আরও পড়ুন:

ক্লাব রেজিস্ট্রেশনের শেষ সময় মঙ্গলবার। বাকি থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের আশ্বস্ত করতেই রোববার (৯ আগস্ট) রাতে জরুরি বৈঠকে বসে কিংস কর্তৃপক্ষ। ফলাফল জানিয়েছেন কোচ মাহবুব হোসেন রক্সি।

কোচ বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের সঙ্গে বসেছিলেন, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের আশ্বস্ত করেছেন এবং এটা কালকেই ক্লিয়ারেন্স দেয়া হয়েছে যে, সুন্দর একটা বার্তা পেয়েছি। প্রেসিডেন্ট আমাদের আশ্বস্ত করেছেন যে এটা এক থেকে দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা দলবদলে সম্পূর্ণরূপে সক্রিয় আছি।’

কোচ রক্সির ভাষ্য, এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় আছে লিগ শিরোপাধারীরা। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস সবসময় চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই করে। গত বছরেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার ফাইটের জন্য করেছি। এরই মধ্যে যারা চলে গেছে, তাদের রিপ্লেসমেন্ট যারা আছে, তাদের সঙ্গে কথা বলে এগিয়ে রেখেছি।’

তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিংসরা নিষেধাজ্ঞা এড়াতে পারে কি না, সেটা বড় এক প্রশ্ন। একদফা সময় বৃদ্ধির পর বাফুফে আবারও নম্র হতে পারে কিংসদের অপেক্ষায়, সেই সম্ভাবনাও অনেকটা জোরালো।

এসএইচ