ডারউইন টেস্টের আগে অনুশীলনে মিললো অজিদের স্কোয়াডের ধারণা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলনের ছবি
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলনের ছবি | ছবি: সংগৃহীত
0

ডারউইনে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। তবে প্রথম টেস্টের আগেই অজিদের একাদশ নিয়ে মিললো বড় ইঙ্গিত। অনুশীলনের এক ছবি থেকেই অনুমান করা হচ্ছে স্বাগতিকদের নতুন কৌশলগত কম্বিনেশন কেমন হতে পারে।

ডারউইনে প্রথম টেস্টের আগে অজিদের একাদশ কেমন হতে যাচ্ছে, তার বড় ইঙ্গিত ভেসে উঠেছে ট্রেনিং গ্রাউন্ডে। অনুশীলনের সময় স্লিপ কর্ডনে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ঠিক পাশে প্রথম স্লিপে দেখা যায় বিউ ওয়েবস্টারকে, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথ এবং গালিতে আছেন ক্যামেরন গ্রিন।

এই ক্যাচিং সেটআপ থেকেই পরিষ্কার হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন, দুই অলরাউন্ডারকেই একাদশে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। উসমান খাজার অবসরের পর ট্র্যাভিস হেড ওপেনিংয়ে স্থায়ী হওয়ায় খালি থাকা ৬ নম্বরে ফিরছেন গ্রিন, আর অ্যাশেজের শেষ টেস্টে দারুণ পারফর্ম করা বিউ ওয়েবস্টার নামতে পারেন সাত নম্বরে।

এদিকে সোমবার ডারউইনে সংবাদ সম্মেলনে আসেন ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ট্র্যাভিস হেড। টেস্টে দীর্ঘমেয়াদে ওপেনিং করার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে হেড বলেন, ‘দলের প্রয়োজনে দীর্ঘমেয়াদে টপ অর্ডারে ব্যাট চালাতে আমি পুরোপুরি প্রস্তুত।’

অন্যদিকে, অজি শিবিরে বড় স্বস্তি নাথান লায়নের প্রত্যাবর্তন। চোটের কারণে অ্যাশেজের শেষভাগ থেকে বাইরে থাকলেও ব্রিসবেনের ম্যাচ সিমুলেশনে ছন্দে ছিলেন ৩৮ বছর বয়সী এই স্পিনার। ডারউইনে হেড হেসে জানালেন, প্র্যাকটিস ম্যাচে লায়নের করা প্রথম বলেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পর মাঠে নামতে লায়ন মুখিয়ে আছেন বলেও জানান হেড।

ওপেনিংয়ে হেডের সঙ্গী হচ্ছেন স্থানীয় ব্যাটার জেইক ওয়েদারাল্ড, যার কাউন্টি ও প্র্যাকটিস পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন হেড নিজে। আর ডারউইনের উইকেট নিয়ে হেডের পর্যবেক্ষণ-বিগত টি-টোয়েন্টি ও ‘এ’ দলের ম্যাচের মতোই টেস্টেও ব্যাটারদের জন্য সহায়ক উইকেট প্রত্যাশা করছেন তারা।

সব মিলিয়ে সেরা অলরাউন্ড কম্বিনেশন আর অভিজ্ঞ লায়নকে নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে তৈরি অজিরা।

এসএইচ