কর্তৃপক্ষ জানিয়েছে, কেএম মুতিয়ারা সেন্তোসা-২ নামের ফেরিটি গত রোববার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে ফেরিটিতে আগুন লেগে যায়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি সাংবাদিকদের জানান, ফেরির যাত্রী তালিকায় ২৩৮ জনের নাম ছিল। যদিও এর আগে সোমবার কর্তৃপক্ষ যাত্রী ও ক্রুর সংখ্যা ২৭১ জন বলে জানিয়েছিল।
শাফি বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তালিকা অনুযায়ী সব যাত্রী ও ক্রুর হদিস মিললেও, কারও স্বজন খুঁজে পাওয়া না গেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে আবারও অনুসন্ধান শুরু করা হবে। তিনি আরও জানান, লাইফ জ্যাকেট পরা যাত্রীরা কয়েক ঘণ্টা সমুদ্রে আটকে ছিলেন। কেউ কেউ প্রাণ বাঁচাতে ১০ মিটার উচ্চতা থেকে পানিতে ঝাঁপ দিতে বাধ্য হন।
প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় বিমান ভ্রমণের চেয়ে ফেরিই যোগাযোগের সাশ্রয়ী ও সহজলভ্য মাধ্যম। তবে দেশটিতে নৌ-নিরাপত্তার মান সব সময় কঠোরভাবে অনুসরণ করা হয় না। এ কারণে ফেরি দুর্ঘটনার ঘটনা সেখানে প্রায়ই ঘটতে দেখা যায়।





