হতাশা আর আনন্দ, কান্না আর হাসি, কিংবা উদ্বেগ আর শান্তির এক মিশ্র অনুভূতিতে কেটেছে পুরো একটি সপ্তাহ। ফাইনাল হারের সেই কঠিন ধাক্কা সামলে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। ভক্তদের হাতে নতুন একটি ট্রফি তুলে দিতে না পারায় প্রকাশ করেছেন অনুশোচনা। তবে ট্রফি হাতছাড়া হলেও, দলের সততা আর চেষ্টার কোনো কমতি ছিলো না বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
কোচ হিসেবে নিজের ফুটবলারদের নিয়ে স্কালোনির গর্বের শেষ নেই। স্ত্রীকে বলা কথার স্মৃতি টেনে তিনি জানান-এই দলের খেলোয়াড়রা কেবল ফুটবলার নন, তারা একেকজন সত্যিকারের ‘যোদ্ধা’। শরীরে যখন আর শক্তি থাকে না, পা যখন মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না-তখনও হাল না ছেড়ে দাঁড়িয়ে থাকার মানসিকতাই এই দলের আসল ট্রফি। সেই সাথে বাইরের মানুষের নানামুখী সমালোচনা সামলেও যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, সেই ফুটবলারদের আত্মত্যাগকেই সবচেয়ে উঁচুতে রাখছেন তিনি।
আরও পড়ুন:
পোস্টের শেষ অংশে নিজের সাপোর্ট স্টাফ, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পেছনের সারির কর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত সমর্থকদের প্রতিও অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানান এই কোচ।
খেলার জয়-পরাজয় পরিসংখ্যানের খাতায় জমা পড়ে। ট্রফি ঠাঁই নেয় শোকেসে। কিন্তু স্ক্যালোনির শিষ্যরা যে লড়াই, অধ্যবসায় আর জয়ের অদম্য ইচ্ছা দেখিয়েছেন-তা হয়তো যেকোনো ট্রফির চেয়েও দামি। স্কালোনির এই চিরকূট তাই কেবল এক বিদায়ী বার্তা নয়, বরং আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর নতুন প্রত্যয়।




