বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন করে পথচলা শুরু করতে চায় ইতালি। সেই লক্ষ্যেই জাতীয় দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বড় এক বিতর্কে ইতালির কিংবদন্তি এই মিডফিল্ডার।
ফেডারেশনের নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো প্রথমে পেপ গার্দিওলাকে কোচ করার চেষ্টা করেছিলেন। কয়েকদিন আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন গার্দিওলা। এরপর পছন্দের তালিকার শীর্ষে উঠে আসে আন্দ্রেয়া পিরলোর নাম।
কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার রাশিয়ার একটি স্পোর্টস বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে রাশিয়ার অন্যতম বৃহৎ বেটিং কোম্পানি ফনবেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিরলো। এর আগে জুলাইয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডের কোচ হন। ক্লাবটির অন্যতম প্রধান স্পন্সর রুশ প্রতিষ্ঠান ফিক্স প্রাইস, যার প্রতিষ্ঠাতা সের্গেই লোমাকিনের ফনবেটেও ব্যবসায়িক স্বার্থ রয়েছে।
গত মে মাসে মস্কোয় ওই প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েন পিরলো। এবার ইতালির কোচ হওয়ার আলোচনায় সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট পিনা পিচিয়ের্নো অভিযোগ করেছেন, ইউক্রেনে যুদ্ধ চলাকালে রুশ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে পিরলো ভুল বার্তা দিয়েছেন। তার ভাষায়, এমন একজনকে জাতীয় দলের দায়িত্ব দেয়া হবে ‘গুরুতর ভুল’।
তবে পিরলোর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি চাইলে দুবাই ইউনাইটেড এবং ফনবেট দুই প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি বাতিল করতে পারবেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি জিওভান্নি মালাগোও সেই নিশ্চয়তাই চান। সবকিছু ঠিক থাকলে, রুশ সংযোগের বিতর্ক কাটিয়েই খুব শিগগির ইতালির নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন আন্দ্রেয়া পিরলো।





