আজ (রোববার, ২৬ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আকস্মিক পরিদর্শন করেন তিনি। সেখান থেকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।
এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে তালা হাসপাতালে পৌঁছে মন্ত্রী প্রথমে রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি খাবার চেখে দেখেন। এরপর মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধ স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবার মান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন:
তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তদারকির নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে।
তিনি বলেন, ‘হাসপাতালের ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।’
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু) প্রমুখ।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



