ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার আহ্বান

জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী
জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী | ছবি: এখন টিভি
0

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনীতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মনিরা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে সময় কাটাচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তাদের একটি অংশ পরবর্তীতে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে—বিষয়টি এমন নয়। মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা।’

জেলা প্রশাসক জানান, শুক্রবার থেকে পরামর্শমূলক প্রচারণার অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এসএস