ট্রাম্প আরও বলেন, ‘আমরা পিকঅ্যাক্স পর্বতের ওপর কড়া নজর রাখছি। সেখানে এখন কোনো তৎপরতা দেখছি না। তাদের পরমাণু কর্মসূচির অবস্থা সুবিধার নয়। যখনই আমরা এ সম্পর্কে কিছু শুনি, আমরা সেটি উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্স লক্ষ্য করে হামলা চালাতে পারি।’
ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই পিকঅ্যাক্স পর্বত অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, এই পর্বতের নিচে অত্যন্ত সুরক্ষিত দুটি টানেল কমপ্লেক্স রয়েছে। মার্কিন অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়েও এই ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়।
এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর পুনরায় অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা রাখা নিশ্চিত করবে ওয়াশিংটন, তবে এর বিনিময়ে ফি দিতে হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও যোগ করেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব বড় হামলা চালাব, আগামীকালও আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। আর এটা ঠেকানোর মতো কোনো ক্ষমতা তাদের নেই।’





