ভারতে ভারী বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা-ভূমিধস, বাড়ছে উদ্বেগ

ভারতে বন্যা পরিস্থিতি
ভারতে বন্যা পরিস্থিতি | ছবি: সংগৃহীত
0

ভারতে ভারী বৃষ্টির ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ, ঘটছে প্রাণহানি। যদিও অন্যান্য সময়ের তুলনায় গোটা ভারতে এখনো ঘাটতি ১৫ শতাংশ বৃষ্টিপাতের। আবহাওয়াবিদদের মতে, ‘এল নিনো’র প্রভাবে মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল হচ্ছে এবং সব জায়গায় সমপরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না।

ভারতে জুন মাসে বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিলো। তবে জুলাইয়ের শুরুতেই বদলে গেছে পরিস্থিতি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর থেকে পশ্চিমের বেশিরভাগ রাজ্য। মাত্র এক সপ্তাহের ভারী বৃষ্টিতেই তলিয়ে গেছে দিল্লি, মুম্বাইসহ বেশিরভাগ শহর। পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও বিভিন্ন অংশে মেঘভাঙা বৃষ্টিতে কার্যত নাজেহাল জনজীবন। অতিবৃষ্টি, বজ্রপাত, আকস্মিক বন্যা, দেয়াল ও বাড়ি ধস এবং পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

গোটা ভারতেই সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার প্রভাবে অতিবৃষ্টির কবলে পড়েছে দেশটির বেশিরভাগ অঞ্চল। জুলাইয়ের শুরুতেই ভারতের বেশ কয়েকটি অংশে বৃষ্টিপাত বেড়েছে তীব্রভাবে। উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও, পূর্ব ও দক্ষিণ ভারতের বিশাল অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত বর্ষা মৌসুম দুর্বল অবস্থানে রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে, ১৯৭১ থেকে ২০২০ সালের স্বাভাবিক বৃষ্টিপাতের বিপরীতে চলতি বছরে ভারতে মোট বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ১৫ শতাংশ।

আরও পড়ুন:

আবহাওয়াবিদিদের মতে, এল নিনোর প্রভাবে দেশজুড়ে মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল হয়ে পড়েছে এবং সব জায়গায় সমপরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। এতে ঘাটতি থাকা অঞ্চলে অল্প সময়ে প্রবল বৃষ্টিতে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা, ভূমিধস এবং মেঘভাঙা বৃষ্টির মতো দুর্যোগ।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মুম্বাই, পুণে ও আশপাশের এলাকায় অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। প্রায় প্রতি বর্ষা মৌসুমেই নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর। দুর্বল পয়নিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের রাস্তাঘাট, বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

আগামী কয়েকদিন দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রেখেছে ভারতীয় আবহাওয়া অফিস। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টি হতে পারে। সেভেন সিস্টার হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ রাজ্যে আগামী ১৬ই জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে পড়তে পারে।

ভারতের আবহাওয়া অফিসের তথ্য বলছে, ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির ঘাটতি ছিল ৩৮ শতাংশ। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের জেরে তা নেমে আসে ১৫ শতাংশে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন প্রাকৃতিক দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলছে।

এসএইচ