দক্ষিণ চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

0

দক্ষিণ চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গুয়াংসিতে মুষলধারে বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এদিকে এই সপ্তাহান্তেই একটি সুপার টাইফুন পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে ধেয়ে আসছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬ জনই মারা গেছেন লিউলান জলাধারের বাঁধ ভেঙে পড়ায়। সেখানে আরও ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এএফপির প্রতিবেদকেরা বুধবার লিউলানে পৌঁছালে দেখেন বন্যার পানি নেমে গেছে, তবে রাস্তা ও ঘরবাড়ি ঘন কাদায় ঢেকে গেছে। জলাধারের পানি তখনো নদী দিয়ে প্রবল বেগে বয়ে যাচ্ছিল। এ সময় একটি উদ্ধারকারী দল নদীর অপর পাশে আটকে পড়া মানুষদের কাছে খাবার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দিতে বড় আকারের ড্রোন পাঠায়।

চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জলাধারের বাঁধের ভেঙে পড়া কংক্রিটের দেয়ালের মধ্য দিয়ে প্রবল বেগে পানির স্রোত বয়ে যাচ্ছে এবং লাইফ জ্যাকেট পরা উদ্ধারকর্মীরা ইনফ্ল্যাটেবল বোট বা হাওয়া ভরা নৌকা নিয়ে অভিযান চালাচ্ছেন।

এএফপির প্রতিবেদকেরা দেখেছেন, লিউলানের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পরিষ্কার করছেন। তাদের মধ্যে কেউ কেউ ক্ষতিগ্রস্ত গৃহস্থালি সামগ্রী তুলে আনতে খননযন্ত্র বা এক্সকাভেটর ব্যবহার করছেন।

এএম