বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স, বলছে অপ্টার সুপার কম্পিউটার

অপ্টার সুপার কম্পিউটার
অপ্টার সুপার কম্পিউটার | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের ফাইনালে আরও একবার দেখা যাবে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল। ফুটবলের ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার প্রেডিকশনে উঠে এসেছে এমনই তথ্য। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের জন্য এখন পর্যন্ত গেল দুই আসরের চ্যাম্পিয়নকেই এগিয়ে রাখছে তারা।

একদিকে সর্বকালের সেরার তকমা পাওয়া লিওনেল মেসি। অন্যপাশে আগামী ফুটবলকে রাজত্ব করার স্বপ্নে বিভোর কিলিয়ান এমবাপ্পে। দুজনের দেখা হয়েছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। লিওনেল মেসি যে রাতে লিখেছিলেন রূপকথার অমর কাব্য। সেদিন অবশ্য মেসির সেই কাব্যে ট্র্যাজিক হিরো হতে হয়েছিল এমবাপ্পেকে। নয়ত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের পর হারই বা কেন সইতে হবে ফ্রেঞ্চ তারকাকে?

চার বছর পর আরও একবার এ যুগলকে দেখা যাবে আরও একটা বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে আছে ফ্রান্স এবং আর্জেন্টিনাই। ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে যাবে এমন সম্ভাবনা ৩৫ দশমিক ২৮ শতাংশ। এমবাপ্পের দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ৫৩ শতাংশের বেশি।

অন্যদিকে লিওনেল মেসির ডানায় ভর করে উড়তে থাকা আর্জেন্টিনার সম্ভাবনাও প্রবল। আলবিসেলেস্তেরা ফাইনাল খেলবে সেই সম্ভাবনা ২৯ দশমিক ২৮ শতাংশ। তাদের সেমিফাইনাল সম্ভাবনা ৫০ শতাংশের কিছুটা কম। চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্নে আর্জেন্টিনার সম্ভাবনা ১৫ দশমিক ৯০ শতাংশ। আর ফ্রান্সের সম্ভাবনা ২২ দশমিক ৪৭ শতাংশ।

সবশেষ দুই ফাইনালিস্টের পরপর বিশ্বকাপে মুখোমুখি হওয়ার নজির ছিল ১৯৮৬ এবং ১৯৯০ বিশ্বকাপে। ৮৬ সালে পশ্চিম জার্মানিকে হারিয়ে সোনালি ট্রফি উচিয়ে ধরেছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর ৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিষাদের নীলে রাঙিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে লোথার ম্যাথিউসের জার্মানি। ৩৬ বছর পর আবার সেই ইতিহাসও হয়ত ফিরবে বিশ্বকাপে।

জেআর