আজ (সোমবার, ২৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
জানা গেছে, অপহৃত পাঁচ মাঝিমাল্লাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তারা হলেন— মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)।
স্থানীয় আবুল কালাম বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। হঠাৎ করে আবারও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উপকূলের জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে।’
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যদের অপহরণের ঘটনা বেড়েছে। ফলে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এদিকে অপহৃত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী জলসীমায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি জেলেদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




