বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বিয়ানীবাজার বিজিবি ব্যাটেলিয়ান
বিয়ানীবাজার বিজিবি ব্যাটেলিয়ান | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত ৫২ বিজিবির সাঁড়াশি অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার ব্যাটেলিয়ান।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার জেল নাইনটি বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান খান জানান, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযানে সব সময় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

জেআর