স্টেডিয়াম ছাপিয়ে যুক্তরাষ্ট্রের অলি-গলিতে ছড়িয়েছে বিশ্বকাপের রং

মায়ামিতে বিশ্বকাপের আমেজ
মায়ামিতে বিশ্বকাপের আমেজ | ছবি: সংগৃহীত
0

ফুটবল উন্মাদনায় মেতেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। স্টেডিয়ামসহ এর আশপাশের রেস্তোরাঁ, বার, হোটেল, পার্কসহ নানা জায়গায় চলছে ভিন্নধর্মী আয়োজন। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের এক রেস্তোরাঁয় ফুটবলারদের জুতা ও বিশ্বকাপ ট্রফি আকৃতির বিভিন্ন পাত্রে পরিবেশন করা হচ্ছে খাবার ও পানীয়। এসব পাত্রে রয়েছে প্রিয় দলের স্টিকার। খেলা উপভোগ করার ব্যবস্থাও করেছে তারা।

ফ্লোরিডার ম্যাজিক সিটি হিসেবে পরিচিত মাইয়ামি। খেলাধুলার বড় বড় আসর আয়োজনে এই শহরের অভিজ্ঞতা অতুলনীয়। রেকর্ড ১১ বার সুপার বোল আয়োজন করার গৌরব রয়েছে এই শহরের। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর মাইয়ামি।

বিশ্বকাপ ঘিরে নতুনভাবে সাজানো হয়েছে মাইয়ামি স্টেডিয়ামকে। এবারের আসরের মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। গ্রুপ পর্ব ছাড়াও খেলা হবে কোয়ার্টার-ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। মাইয়ামি স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার দর্শকের।

শুধু স্টেডিয়াম নয়, আশপাশের হোটেল, রেস্তোরাঁ, সড়ক, পার্ক সেজেছে বিশ্বকাপের আমেজে। ভক্তদের মাতিয়ে তুলেতে মাইয়ামির একটি রেস্তোরাঁয় ফুটবল থিমে সাজানো হয়েছে যাবতীয় জিনিসপত্র। খেলার আমেজ বইছে স্টেডিয়ামের বাইরে এসব রেস্তোরাঁয়।

প্রিয় দলের পতাকার স্টিকারযুক্ত ফুটবলারদের স্নিকার আকৃতির পাত্রে পরিবেশন করা হচ্ছে খাবার। এছাড়া ছোট আকারের বিশ্বকাপ ট্রফি আকৃতির গ্লাসে দেয়া হচ্ছে পানীয়। পাশাপাশি দর্শকদের খেলা উপভোগ করার জন্য রয়েছে কয়েক ডজন টিভি স্ক্রিন।

এক সমর্থক বলেন, ‘এখানে প্রচুর লোক জমায়েত হয়। বিভিন্ন দলের সমর্থকরা এখানে এসে খেলা উপভোগ করেন।’

আরেকজন বলেন, ‘মায়ামিতে খেলা দেখার মজাই আলাদা। ভিন্ন আমেজে এখানে আয়োজন হয়।’

অন্য আরেকজন বলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে স্নিকার থিমে বিভিন্ন পাত্র তৈরি করা হয়েছে। এটি অনেক বড় একটি আয়োজন। ফুটবল ভক্তদের মধ্যে সবসময় বাড়তি আমেজ কাজ করে।’

ফুটবল ভক্তদের মাতিয়ে রাখতে মাইয়ামি শহরজুড়ে স্থানীয় বার, রেস্তোরাঁ, সড়ক সেজেছে বিশ্বকাপ উন্মাদনায়।

এসএইচ