ধীরে ধীরে বরফ গলতে শুরু করছে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের। সুইজারল্যান্ড আলোচনার একদিন পর ইরানের অপরিশোধিত জ্বালানি রপ্তানির ওপর থেকে ২ মাসের জন্য আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন ট্রেজারি বিভাগ। যা আগামী ২১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
সোমবার এক এক্স পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, ফলপ্রসূ সুইজারল্যান্ড আলোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ।
আরও পড়ুন
এছাড়াও, আলোচনায় ইসলামি প্রজাতন্ত্র হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতিনিধিদের ইরানে প্রবেশের অনুমতি দিয়েছে বলেও দাবি করেন বেসেন্ট।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই জানিয়েছেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে সব ধরনের সহায়তা করবে ইরান। আর হরমুজ প্রণালির ব্যবস্থাপনার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনার জন্য মাস্কটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও স্পিকার বাঘের গালিবাফ।
এর আগে, রোববার (২১ জুন) সমঝোতা স্মারক সইয়ের পর প্রথম দফায় সুইজারল্যান্ডে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র- ইরান প্রতিনিধি দল। আলোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানায়, ৬০ দিনের মধ্যেই চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। আর আলোচনায় লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধে বড় ধরনের অগ্রগতি এসেছে বলে এক্স পোস্টে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।




