ভারত ফারাক্কা চুক্তি নবায়ন করে বন্ধুত্বের নজির রাখবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | ছবি: সংগৃহীত
0

গ্যারান্টি ক্লজসহ ভারত ফারাক্কা চুক্তি নবায়ন করে বন্ধুত্বের নজির রাখবে বলে আশাপ্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় বিগত দিনে ভারতের নানা কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাজশাহীতে বিভিন্ন নদনদী ও পদ্মার ভাঙ্গন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার ভাঙ্গন রোধে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার।’

এ ছাড়াও তিনি জানান পদ্মার নাব্যতা ঠিক রাখতে ও সরকারের পূর্বঘোষনা অনুযায়ী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে রাজশাহী সফরে এসে পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের এলাকা পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘বারনই নদী দীর্ঘদিন ধরে ভরাট ও দূষণের শিকার। নদীর পানি এতটাই দূষিত যে, তা ব্যবহার করলে কিংবা নদী পারাপারের সময় মানুষের শরীরে ঘা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। মানুষের দুর্ভোগ লাঘব এবং নদীর পানিকে দূষণমুক্ত করতে পানিসম্পদ মন্ত্রণালয় নদীটি খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।’

নদী খননের পর আবার দখল ও ভরাট ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এফএস