হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

আজ দুপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ
আজ দুপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ | ছবি: এখন টিভি
0

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (রোববার, ২১ জুন) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই নামবে তাওহীদ হৃদয়ের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ওয়ানডের সাফল্য টি-টোয়েন্টি সিরিজে বয়ে নিয়ে আসতে পারলো না বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভিন্ন লক্ষ্যে রোববার শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় কোনো লড়াইই করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১৩২ রানের লক্ষ্য চার উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে অজিরা। আবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ ছিলেন বোলাররা। সফরকারীদের করা ১৯৬ রানের পাহাড় টপকাতে লম্বা সময় লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি তাওহীদ হৃদয়ের দল।

সিরিজ হারলেও শেষ টি-টোয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শেষ করতে চাইবে বাংলাদেশ। ব্যাট-বল দুই ক্ষেত্রেই একসঙ্গে জ্বলে উঠতে হব ক্রিকেটারদের। অন্যদিকে, অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে আরেকটি জয় নিয়ে টাইগারদের হোয়াইটওয়াশ করা।

আরও পড়ুন:

চলমান সিরিজে অস্ট্রেলিয়ার বড় ভরসার নাম ম্যাট রেনশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার অপরাজিত ৮৯ রানের ইনিংসেই জয়ের ভিত পায় অজিরা। অন্যদিকে, দু’টি ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিয়েছেন ওপেনার তানজিদ তামিম। এই ম্যাচে তার ভালো শুরুর পাশাপাশি লম্বা ইনিংসের দিকেও তাকিয়ে থাকবেন সমর্থকরা।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। রিশাদ হোসেনের জায়গায় ঢুকতে পারেন তাসকিন আহমেদ। সিরিজ জেতায় অজিরাও হাঁটতে পারে পরীক্ষা-নিরীক্ষার পথে।

এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টাইগারদের পাঁচ জয়ের বিপরীতে অজিরা জিতেছে আটটিতে। দুই দলের জয়ের ব্যবধান কমবে না বাড়বে সেটাই জানা যাবে আজ।

এসএইচ