যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ ও আরাঘচি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অংশ হিসেবে সুইজারল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। তবে আজ (শনিবার, ২০ জুন) লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং চলমান আলোচনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ বন্ধে এই সপ্তাহে স্বাক্ষরিত ১৪ দফার অন্তর্বর্তীকালীন চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে পরিণত করতেই এই আলোচনা। তবে ইসরাইল ও ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই শনিবার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলা ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

লেবাননে লড়াই বন্ধ হওয়া যুক্তরাষ্ট্র-ইরানের ৬০ দিনের আলোচনা শুরুর পূর্বশর্ত। ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য জটিল ইস্যু নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার মাধ্যমে বিশ্ব তেল সরবরাহ স্থিতিশীল করতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গোলাগুলি বিনিময়ের পর শুক্রবার লেবানন সময় বিকেল ৪টায় (গ্রিনিচ মান সময় ১৩০০টা) যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই হিজবুল্লাহ সূত্র এবং একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রাতভর ও শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়েহ এলাকার বিভিন্ন স্থানে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একের পর এক হামলা চালিয়ে আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। ভোরের আগে ইসরাইলি কামান বাহিনী নাবাতিয়েহ ও এর আশপাশের এলাকায় গোলা ছুড়েছে। তবে এনএনএর এই প্রতিবেদন নিয়ে ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন:

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, স্টিভ উইটকফ ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের সঙ্গে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন। কুশনার ইতিমধ্যেই সেখানে রয়েছেন। আর আরাঘচির শনিবার সুইজারল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই কারিগরি আলোচনার প্রস্তুতি বেশ এগিয়ে যাওয়ার পরও বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

আরাঘচি শুক্রবার তার পাকিস্তানি সমকক্ষের সঙ্গে এক ফোনালাপে বলেছেন, লেবাননে যুদ্ধ বন্ধসহ চুক্তির শর্ত লঙ্ঘনের যেকোনো ঘটনার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে গুলি চালানো শুরু করলে লেবানন এই আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের।

অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়তে শুরু করেছে এবং চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। চুক্তি অনুযায়ী, ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবে এবং কয়েক হাজার কোটি ডলারের সম্পদ অবমুক্ত হবে। ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিলেরও বিধান রয়েছে। সমালোচনার জবাবে ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যুদ্ধ ইরানকে দুর্বল করেছে। আমরা হতাশা থেকে আলোচনায় বসিনি, ইরান বসেছে। তারা শেষ! আমরা ৬০ দিন অপেক্ষা করব। তারা কোনো অর্থ পাবে না, ১০ সেন্টও না।’

এএম