৭ ডিসেম্বরের মধ্যে গঠিত হবে কলকাতা পৌরসভার নতুন বোর্ড

কলকাতা পৌরসভার নতুন বোর্ড চলতি বছর
কলকাতা পৌরসভার নতুন বোর্ড চলতি বছর | ছবি: সংগৃহীত
0

চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা পৌরসভার নির্বাচন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে গঠিত হবে পৌরসভা পরিচালনার নতুন বোর্ড। কলকাতা পৌরসভার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজেপির এ নেতা।

বিধানসভার রেশ না কাটতেই আবারও নির্বাচনের আমেজে পশ্চিমবঙ্গের কলকাতা। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে ক্ষমতায় এসেই স্থানীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিল বিজেপি। আগামী ডিসেম্বরের মধ্যেই কলকাতা পৌরসভায় নির্বাচন এবং নতুন বোর্ড গঠন করে ক্ষমতা হস্তান্তরের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ভাঙনের আঁচ পড়েছে ছোট লাল কলকাতা পৌর ভবনেও। গেল ৫ জুন মেয়র পদ থেকে আচমকাই পদত্যাগ করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি একাধিক কাউন্সিলরও পদ ছাড়েন। এতে নাগরিক পরিষেবা নিয়ে বিপাকে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পৌরসভায় তড়িঘড়ি করে প্রশাসক হিসেবে বসানো হয় স্মিতা পান্ডেকে।

এমন অবস্থায় আগামী ৬ মাসের মধ্যে কলকারা পৌরসভার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের পর আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পৌরসভায় গঠিত হবে নতুন বোর্ড।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘৮ই জুন প্রশাসক বসেছে, আগামী ৬ মাস অর্থাৎ ৭ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন—তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত, কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য।’

কলকাতা পৌরসভায় 'স্বচ্ছতা সে স্বাগত' নামক এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেয়াই বিজেপি সরকারের লক্ষ্য।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যে শহরের শুধু স্থায়ী বাসিন্দা নয়। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ শুধু এ রাজ্যের নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের নয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের নয়, প্রতিবেশী রাষ্ট্র—নেপাল, ভুটান, বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা।’

মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথম কলকাতা পৌরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী। ২০১৭ সালের ফের এখানে আসা তার। মুখ্যমন্ত্রী ছাড়াও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের উন্নয়ন, অগ্রগতির ও প্রগতির লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করবে এটাই প্রত্যাশা নতুন সরকারের। কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি সরকার।

জেআর