ইরান সংকট: খার্গ দ্বীপসহ জ্বালানি অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

ইরানের খার্গ দ্বীপের স্যাটেলাইট ইমেজ
ইরানের খার্গ দ্বীপের স্যাটেলাইট ইমেজ | ছবি: সংগৃহীত
0

ইরানকে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) রাতে ‘খুব কঠোরভাবে আঘাত’ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব শিগগির মধ্যপ্রাচ্যের এই দেশটির তেল ও গ্যাস অবকাঠামো এবং বাজারের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। আনাদোলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘খুব অদূর ভবিষ্যতে কোনো এক সময়ে আমরা খার্গ দ্বীপসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো দখল করবো। আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেভাবে ভেনেজুয়েলার ক্ষেত্রে নিয়েছি।’

ট্রাম্পের এই নজিরবিহীন হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ওমান উপসাগর ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই হুমকি বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের তেল ও গ্যাস খাতের ওপর পূর্ণ আধিপত্য বিস্তারের মাধ্যমে তেহরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে দেয়াই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ভেনেজুয়েলার জ্বালানি খাতের ওপরও একই ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এএম