চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিংগাইর থানা
সিংগাইর থানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজিব হোসেন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ (বুধবার, ১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম। এর আগে গতকাল (মঙ্গলবার, ৯ জুন) নিহতের স্ত্রী সৌরোপা থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের কৃষক রাজিব হোসেন গত ৭ জুন রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, সিংগাইরের জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে তাকে চোর সন্দেহে আটক করা হয়েছে।

অভিযোগ করা হয়, রাত ২টার দিকে স্থানীয় ১০০-১৫০ জন উত্তেজিত ব্যক্তি রাজিবের হাত, পা ও চোখ বেঁধে গণপিটুনি দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

স্থানীয়দের দাবি, ওই রাতে হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজিব জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেছিলেন। এসময় গৃহকর্তা বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

গৃহকর্তার পরিবারের দাবি, রাজিবকে আটক করার পর উত্তেজিত জনতা মারধর করে এবং এতে তার মৃত্যু হয়। তারা আরও দাবি করেন, রাজিবের বিরুদ্ধে আগেও চুরি ও ডাকাতির অভিযোগ ছিল।

তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়েছে, যা সরাসরি হত্যাকাণ্ডের শামিল।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটির সবদিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এসএস