হরমুজ থেকে লোহিত সাগর: নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ার ঘোষণা কুদস ফোর্সের

কুদ্স ফোর্স প্রধান ইসমাইল কায়ানি
কুদ্স ফোর্স প্রধান ইসমাইল কায়ানি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথগুলোতে নিজেদের আধিপত্য ও নিরাপত্তা সুসংহত করতে একটি নতুন ‘নিরাপত্তা বলয়’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি জানিয়েছেন, তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর এই নতুন বলয়টি হরমুজ প্রণালি থেকে বাব আল-মান্দাব এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। ইরানির প্রেস টিভির বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসমাইল কায়ানি সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক তৎপরতার উচ্চকণ্ঠ প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ইয়েমেনের এই পদক্ষেপগুলোই ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে ক্রমবর্ধমান সংহতি ও নিবিড় সমন্বয়ের জোরালো প্রমাণ।’

জেনারেল কায়ানি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই অঞ্চলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘প্রতিরোধ ফ্রন্ট’ এখন থেকে সম্মিলিতভাবে জবাব দেবে।’ পরিস্থিতির প্রয়োজনে এই বলয়ে আরও নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী যুক্ত হতে পারে বলেও তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

কুদস ফোর্সের এই শীর্ষ কমান্ডার বলেন, ‘হরমুজ প্রণালি থেকে বাব আল-মান্দাব এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত প্রতিরোধের এক নতুন নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করা হবে।’ তিনি আরও সতর্ক করে বলেন, এই অঞ্চলে বিদেশি শক্তির আগ্রাসন অব্যাহত থাকলে তার দাঁতভাঙা জবাব দিতে আঞ্চলিক পর্যায়ে আরও ব্যাপক ও কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, ইসমাইল কায়ানির এই ঘোষণা লোহিত সাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলোতে পশ্চিমা শক্তির ওপর চাপ আরও বাড়িয়ে দেবে।

এএম