৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর | ছবি: এখন টিভি
0

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮ দিন এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এসময় পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে ১৮ ও ১৯ অক্টোবর পণ্য ওঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক ছিলো। সেইসঙ্গে বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে গেছে।

তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। সে হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যার কারণে সেটা বন্ধ হয়ে যায়।

এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পচনশীল কিছু পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। এ দিন ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ৬২ ট্রাক পণ্য, আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৩৬ ট্রাক পণ্য।

আরও পড়ুন:

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে রোববার বন্দর ও কাস্টম হাউজের কার্যক্রম শুরু হওয়ায় গোটা বন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির কারণে সীমান্তের দুইপাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ট্রাকজট কমতে শুরু করেছে।

রোববার বন্দর থেকে পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করছে পণ্যজট। বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। এছাড়া ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যা কারণে এগিয়ে নেয়া সম্ভব হয়নি। সাপ্তাহিক ছুটি শেষে রোববার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কাজকর্ম পুরোদমে শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছেন।

এছাড়া ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ